চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী রাস বিহারী ধাম প্রাঙ্গণে অক্ষয় তৃতীয়া উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও পূজার্চনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
পবিত্র তিথি উপলক্ষে দিনের কর্মসূচি শুরু হয় মঙ্গলধ্বনি ও পূজা-অর্চনার মধ্য দিয়ে। পরে দিনব্যাপী হরিনাম সংকীর্তন ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ভক্তরা পরিবার-পরিজন নিয়ে এসব ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
এদিকে সাবেক রাঙ্গুনিয়া গ্রামে মা মগদ্বেশ্বরী মন্দিরে বার্ষিক তেল-সিন্দুর দান সহ বিভিন্ন মাঙ্গলিক কার্যক্রম সম্পন্ন করা হয়। পাশাপাশি সৎসঙ্গ বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্মোৎসব উপলক্ষে পূর্ণমিলনী অনুষ্ঠান ও দিবা সৎসঙ্গের আয়োজন করা হয়। এতে ঠাকুরের পাঞ্জাদারি ঋত্বিকবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় সনজিব সুশীল মহোদয় গীতা সামগ্রী প্রদান করেন। এ সময় তিনি বলেন, অক্ষয় তৃতীয়া কেবল একটি তিথি নয়, এটি ধর্মীয় চেতনা, দান ও পুণ্যের এক অনন্য বার্তা বহন করে। শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা মানুষকে সত্য, ন্যায় ও আলোর পথে পরিচালিত করে। তিনি সমাজে এই ধর্মীয় চেতনা আরও বিস্তৃত করার আহ্বান জানান।
গীতা উপহার গ্রহণ করে আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই মূল্যবান উপহার তাদের জীবনকে আলোকিত করার পথে সহায়ক হবে।
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অক্ষয় তৃতীয়া একটি অত্যন্ত পবিত্র তিথি। ‘অক্ষয়’ শব্দের অর্থ যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। বিশ্বাস করা হয়, এ দিনে সম্পাদিত যেকোনো শুভকর্ম, দান বা পূজা চিরস্থায়ী পুণ্যফল বয়ে আনে।
সবমিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে দিনব্যাপী এই আয়োজন।
মতামত