সারাদেশে চলমান সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে চট্টগ্রামে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।

স্মারকলিপিতে সারাদেশে ধারাবাহিক সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং দ্রুত সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়। একই সঙ্গে ৮ দফা দাবি বাস্তবায়ন, মিথ্যা মামলায় গ্রেফতার সনাতনী সন্যাসী চিন্ময় প্রভূসহ সকল নিরপরাধ কারাবন্দীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং তাদের দ্রুত মুক্তির দাবিও উত্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শ্রী নারায়ণ মজুমদার, সহ-সভাপতি শ্রী গৌরাঙ্গ প্রসাদ দে, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক পণ্ডিত শুভ ভট্টাচার্য, অর্থ ও দপ্তর সম্পাদক নয়ন বিশ্বাংগ্রী, সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক শ্রী পলাশ কান্তি সেন, সদরঘাট থানা কমিটির সদস্য সচিব শ্রী মিন্টু দাশ, বন্দর থানা কমিটির প্রচার সম্পাদক শ্রী শিপন চৌধুরী শিপু এবং চান্দগাঁও থানা কমিটির সাংস্কৃতিক সম্পাদক বিজয় চৌধুরীসহ জেলা, থানা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
স্মারকলিপি প্রদান কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
মতামত