যশোরের অভয়নগরের ঐতিহ্যবাহী মা শীতলা মন্দির, যা স্থানীয়ভাবে বুনোর মার বাড়ি নামে পরিচিত, সেখানে আগত ভক্তবৃন্দের মাঝে সেবা ক্যাম্প ও মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি পালন করেছে সনাতন বিদ্যার্থী সংসদ।
সনাতন বিদ্যার্থী সংসদ অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। পাশাপাশি ভক্তদের সুবিধার্থে মন্দির প্রাঙ্গণে সেবা ক্যাম্প পরিচালনা করা হয়।
আয়োজকরা জানান, মানবসেবা ও ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ও ঠাকুর অনুকূল চন্দ্রের মানবসেবামূলক বাণীকে ধারণ করেই তারা এ ধরনের কার্যক্রম পরিচালনা করছেন।
শনিবার দুপুর থেকে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অভয়নগরের বিভিন্ন ইউনিয়নসহ দূর-দূরান্ত থেকে আগত পুণ্যার্থীরা মন্দিরে ভিড় জমান। স্থানীয়দের বিশ্বাস, মা শীতলা এখানে স্বয়ং অধিষ্ঠান করছেন এবং ভক্তদের মনোবাসনা পূরণ করেন।
স্থানীয় সেবাইত ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শতাধিক বছর ধরে বৈশাখ মাসের প্রতি শনি ও মঙ্গলবার এই মন্দিরে ভক্তদের সমাগম হয়ে আসছে। প্রতিবছরের মতো এবারও হাজার হাজার ভক্তের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
ভক্ত সমাগমকে কেন্দ্র করে মন্দিরের আশপাশে বিভিন্ন অস্থায়ী দোকান বসে এবং মেলার পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত