মরণব্যাধি ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন মেধাবী কলেজছাত্রী শ্রাবণী বৈরাগী। মাদারীপুরের সরকারি নাজিমুদ্দিন কলেজের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থীর অকাল প্রয়াণে তাঁর পরিবার, সহপাঠী এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শ্রাবণী বৈরাগী মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া এলাকার পলাশ বৈরাগীর একমাত্র কন্যা ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, অত্যন্ত মেধাবী এই তরুণী অভাব-অনটনের মাঝেও অনেক কষ্ট করে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। তাঁর স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে পরিবারের হাল ধরা। কিন্তু ক্যান্সার আক্রান্ত হওয়ার পর পাল্টে যায় জীবনের সব সমীকরণ।
অত্যন্ত অসহায় এই পরিবারটি তাঁদের একমাত্র সন্তানকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবারটি তাদের শেষ সহায়-সম্বলটুকু হারিয়ে আজ প্রায় নিঃস্ব। পরিবারের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা এবং প্রার্থনা করা হলেও শেষ পর্যন্ত কোনো কিছুই শ্রাবণীকে ধরে রাখতে পারল না। মরণব্যাধি এই রোগের কাছে হার মেনে অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো তাকে।
শ্রাবণীর অকাল মৃত্যুতে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানেও শোকের পরিবেশ বিরাজ করছে। তাঁর শিক্ষক ও সহপাঠীরা তাঁকে একজন হাসিখুশি ও পরিশ্রমী শিক্ষার্থী হিসেবে স্মরণ করছেন। শ্রাবণী বৈরাগীর বিদেহী আত্মার চিরশান্তি কামনায় তাঁর পরিবার ও স্বজনরা সকলের কাছে আশীর্বাদ ও প্রার্থনা প্রার্থনা করেছেন। এক উজ্জ্বল নক্ষত্রের এমন অকাল ঝরে পড়া সমাজ ও পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
মতামত