চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা উপজেলার ১৪ নং পুরানগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ফকির খীল গ্রামে এক হিন্দু বৃদ্ধের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা, আতঙ্ক এবং ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে একটি মব সৃষ্টি করে ওই বৃদ্ধের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, আহত বৃদ্ধের শরীরে একাধিক গভীর আঘাতের চিহ্ন রয়েছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসীর দাবি, আহত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। হঠাৎ এ ধরনের নৃশংস হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল এবং হামলাকারীরা সংঘবদ্ধভাবে তাকে লক্ষ্য করেই আক্রমণ চালায়।
ঘটনার পর সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। স্থানীয় সনাতনী সম্প্রদায়ের সদস্যরা জানান, এ ধরনের হামলা শুধু একটি পরিবারের নয়, পুরো সম্প্রদায়ের মধ্যে ভীতি সৃষ্টি করে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় মানবাধিকার সচেতন মহলও তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, দেশে মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
স্থানীয় জনগণ সাতকানিয়া থানা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, অভিযুক্ত মোঃ মোস্তাফিজুর রহমানসহ হামলায় জড়িত সকল মব সৃষ্টিকারীকে দ্রুত গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
মতামত