গত (২৯ মে) শুক্রবার সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম ও পাতালকালী মন্দিরে তীর্থ ভ্রমণের আয়োজন করে কালীকীর্তন টিম বাংলাদেশ। ভ্রমণ শেষে আয়োজকদের পক্ষ থেকে মন্দির কমিটির হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও ভক্তদের নিয়ে এই তীর্থ ভ্রমণের আয়োজন করা হয়। ভ্রমণে অংশগ্রহণকারীদের এন্ট্রি ফি ও বিভিন্ন শুভানুধ্যায়ীদের সহযোগিতার অর্থ থেকে প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে বাকি অর্থ মন্দির উন্নয়নের জন্য সংরক্ষণ করা হয়। সেই অর্থ থেকেই এবার ৪৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
কালীকীর্তন টিম বাংলাদেশের পরিচালক ও সনাতনী রক ব্যান্ডের প্রতিষ্ঠাতা রোমারিও সূত্রধর বলেন, “আমাদের এই আয়োজন শুধু ভ্রমণের জন্য নয়, ধর্মীয় ও সামাজিক দায়িত্ববোধ থেকেও করা হয়। ভক্তদের সহযোগিতার মাধ্যমেই মন্দির উন্নয়নের জন্য একটি তহবিল গড়ে ওঠে।”
সকালে ভক্ত ও তীর্থযাত্রীরা সীতাকুণ্ডের ব্যাসকুণ্ড এলাকা থেকে যাত্রা শুরু করেন। তারা চন্দ্রনাথ ধাম ও পাতালকালী মন্দিরে পূজা-অর্চনা ও প্রার্থনায় অংশ নেন। দিনব্যাপী তীর্থ ভ্রমণ শেষে মন্দির কমিটির হাতে অনুদানের অর্থ হস্তান্তর করা হয়।
মন্দির কমিটির সদস্যরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, কালীকীর্তন টিম বাংলাদেশের এমন সহযোগিতা মন্দিরের উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভক্তদের অংশগ্রহণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, আগামী দিনগুলোতেও তীর্থ ভ্রমণের পাশাপাশি মন্দির উন্নয়ন ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণে তারা বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাবেন।
মতামত