দিনাজপুরের কাহারোল উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ) কাহারোল উপজেলা কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এ মহোৎসবের আয়োজন করে রথযাত্রা মহোৎসব কমিটি, কাহারোল, দিনাজপুর।
অনুষ্ঠানসূচি অনুযায়ী সকালে শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পূজা-অর্চনা, বিশ্বশান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, আলোচনা সভা, ভজন-কীর্তন, বৈদিক নৃত্য এবং মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। পরে বর্ণাঢ্য রথযাত্রা শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি কাহারোল উপজেলা কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রামচন্দ্রপুর মহাশ্মশান শিব মন্দিরে গিয়ে পৌঁছায়। সেখানে ভক্তরা বিশেষ পূজা-অর্চনা ও প্রার্থনায় অংশগ্রহণ করেন। বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ভক্ত, নারী-পুরুষ ও শিশুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে। ‘জয় জগন্নাথ’ ধ্বনি, ধর্মীয় সঙ্গীত ও হরিনাম-সংকীর্তনের মধ্য দিয়ে পুরো এলাকায় সৃষ্টি হয় এক আনন্দঘন ও ভক্তিময় পরিবেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা (বাদশা), সাধারণ সম্পাদক মো. শামীম আলী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাদেকুল ইসলাম (সাদেক)। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ধর্মীয় আলোচক হিসেবে বক্তব্য দেন প্রকৌশলী জয়ন্ত কুমার সরকার, অধ্যক্ষ, এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর এবং শ্রী মিঠুন সরকার, ভবানীপুর, কাহারোল, দিনাজপুর।
অনুষ্ঠানে পুরোহিতের দায়িত্ব পালন করেন শ্রী মনি চট্টোপাধ্যায়। রথযাত্রা মহোৎসব কমিটি, কাহারোল, দিনাজপুরের সভাপতি জয়ন্ত চন্দ্র দেবশর্ম্মার সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠান সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, আগামী ২৪ জুলাই ২০২৬ (৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ) উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়েই এ বছরের রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ রথযাত্রা মহোৎসব সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।


মতামত