ঘিওরে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য ও ছবি পোস্ট করার অভিযোগে বাসুদেব রাজবংশী (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে স্থানীয় প্রশাসন। গত ১ অক্টোবর বৃহস্পতিবার রাতে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে আটক করার পর পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয় এবং পরবর্তী সময়ে তাকে আদালতে সমর্পণ করা হয়। প্রাথমিক বিচারিক প্রক্রিয়া শেষে ঘিওর আমলি আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
তদন্ত সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশিত কিছু পোস্টকে কেন্দ্র করে স্থানীয় অধিবাসীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টিকে ঘিরে পরিস্থিতি যাতে বিষিয়ে না ওঠে এবং সামাজিকভাবে বিশৃঙ্খলা না তৈরি হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি হস্তক্ষেপ করে। (News copied from- 'হিন্দুস নিউজ') এ ঘটনায় ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে সার্বিক বিচারিক প্রক্রিয়া এবং অভিযোগের চূড়ান্ত সত্যতা প্রমাণের বিষয়টি সম্পূর্ণ আদালতের একতিয়ারাধীন। উদ্ভূত পরিস্থিতিতে এলাকার সার্বিক শান্তি ও সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।
মতামত