চট্টগ্রামের পটিয়ায় তিনটি গরু চুরির ঘটনায় একটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার ধলঘাট ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা বলে জানিয়েছেন মালিক বিটু দে।
স্থানীয় সূত্র জানায়, ধলঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলমপুর যোগেশ ডাক্তার বাড়ির বাসিন্দা বিটু দে বুধবার রাতে বসতঘরের পাশে গোয়ালঘরে তিনটি গরু রেখে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের কাছে গিয়ে তিনি দেখতে পান, গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে কোনো গরু নেই।
বিটু দে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার জন্য একটা গরুও রাখল না। তিনটা গরুই চুরি করে নিয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। গরু লালন-পালন করে সংসার চালাই। আমার গরুগুলো ফেরত চাই।’
তিনি বলেন, ‘চোরেরা আমার তিনটি গরু নিয়ে গেছে। এর মধ্যে একটি কালো রঙের বাছুর, একটি লাল রঙের পাঁচ মাস বয়সী গাভী এবং একটি কালো রঙের দুধেল গাভী রয়েছে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা।’
স্থানীয় বাসিন্দা রিনা দে বলেন, ‘চার দিন আগেও পাশের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এখন গরু চুরি হয়েছে। এভাবে চলতে থাকলে আমরা কীভাবে নিরাপদে থাকব, তা নিয়েও উদ্বেগ রয়েছে।’
আরেক স্থানীয় বাসিন্দা অরুণ দে বলেন, ‘গরু চুরির ঘটনায় আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। অসহায় বিটু দের চুরি যাওয়া গরুগুলো দ্রুত উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে গরু চুরির খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মতামত