মহালয়ার প্রাক্কালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) ভোরের কোনো এক সময় উপজেলার ১০ নম্বর বগুড়া ইউনিয়নের মজুমদারপাড়া দুর্গামন্দিরে নির্মাণাধীন কয়েকটি প্রতিমা ভাঙচুর করা হয়।
মন্দির সূত্রে জানা যায়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে প্রতিমা নির্মাণের কাজ চলছিল। শুক্রবার সকাল ৮টার দিকে এক নারী মন্দির পরিষ্কার করতে এসে প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পান। দুর্বৃত্তরা নির্মাণাধীন কয়েকটি প্রতিমার হাত, কনুইসহ শরীরের বিভিন্ন অংশ ভেঙে দিয়েছে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক তন্ময় মজুমদার জানান, পূর্বশত্রুতার জেরে অথবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা। তবে ভাঙচুরের প্রকৃত কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় মন্দির কমিটির সদস্য ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা ভাঙচুরের এ ঘটনায় স্থানীয় সনাতন সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ধর্মীয় উপাসনালয় ও প্রতিমার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
মতামত