জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শ্রীশ্রী জগন্নাথ দেবের নাট মন্দিরের ঘর মেরামত ও দেবদেবীর মূর্তি পুনঃস্থাপনের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শারীরিকভাবে আঘাত করার চেষ্টা, নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগও করেছেন মন্দিরটির সভাপতি শ্রী সুকান্ত চন্দ্র বর্মণ। অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখে মন্দিরে নির্ধারিত নাম-কীর্তন (হরিবাসর) অনুষ্ঠান আয়োজন অনিশ্চয়তার মুখে পড়েছে বলে জানিয়েছেন তিনি।
গত ১৩ নভেম্বর বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ গাবের গ্রামের শ্রীশ্রী জগন্নাথ দেবের নাট মন্দিরের সভাপতি শ্রী সুকান্ত চন্দ্র বর্মণ (৭০)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি মন্দিরের নির্মাণ ও সংস্কারকাজে বাধা প্রদানের অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে সুকান্ত চন্দ্র বর্মণ জানান, জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাবের গ্রামের বর্মণপাড়ায় অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ দেবের নাট মন্দিরে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের পূজা-পার্বণ, অন্নপ্রাশন, নাম-কীর্তনসহ নানা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান যথাযথভাবে পরিচালিত হয়ে আসছে। মন্দিরটি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান।
তিনি জানান, মন্দিরের পূর্ববর্তী কাঠামোটি টিনের ছাপড়াযুক্ত ঘর ছিল। সেখানে রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব ও গৌর-নিতাইয়ের মূর্তি স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে ঝড়ের কারণে মন্দিরের ঘরটি ক্ষতিগ্রস্ত হলে মূর্তিগুলো সাময়িকভাবে অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর মন্দিরের ঘর মেরামত এবং দেবদেবীর মূর্তি পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
তবে মন্দিরের সংস্কারকাজ শুরু করতে গেলে শ্রী শিপুল চন্দ্র বর্মণ (৩০), তাঁর পিতা শ্রী রঘুনাথ চন্দ্র বর্মণ (৬০), শ্রী রবি চন্দ্র বর্মণ (৫৫) এবং মো. হীরা মণ্ডল (৪৫)সহ অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জন ব্যক্তি সম্মিলিতভাবে বেআইনিভাবে বাধা প্রদান করেন বলে অভিযোগ করেন মন্দিরের সভাপতি। তাঁর দাবি, মন্দিরের ঘর মেরামত এবং দেবদেবীর মূর্তি পুনঃস্থাপনের কাজে বাধা দেওয়ার কারণ জানতে চাইলে বিবাদীপক্ষ তাঁকে শারীরিকভাবে আঘাত করার উদ্দেশ্যে উদ্যত হয়। একই সঙ্গে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।
সুকান্ত চন্দ্র বর্মণের অভিযোগ, এ ধরনের বাধা ও হুমকিমূলক কর্মকাণ্ডের ফলে মন্দিরের পুনর্নির্মাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখে মন্দিরে নির্ধারিত নাম-কীর্তন (হরিবাসর) অনুষ্ঠান আয়োজন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ, আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দক্ষিণ গাবের গ্রামের শ্রীশ্রী জগন্নাথ দেবের নাট মন্দিরটি এলাকার প্রায় ২ হাজার সনাতন ধর্মাবলম্বীর একটি সর্বজনীন নাট মন্দির। এখানে প্রতিমা ও দেবদেবীর মূর্তি স্থাপন করে নিয়মিত ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মন্দিরের সংস্কার ও ধর্মীয় কার্যক্রমে বাধা প্রদান করায় সনাতন ধর্মাবলম্বীদের স্বাভাবিক ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন ব্যাহত হচ্ছে বলে তাঁর দাবি।
মন্দিরের সভাপতি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের স্বাভাবিক ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন। মন্দিরের সংস্কারকাজে বাধা প্রদান এবং হুমকির ঘটনায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং মন্দিরের নির্মাণ ও সংস্কারকাজ নির্বিঘ্নে সম্পন্ন করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মতামত