ভক্তি, আধ্যাত্মিকতা ও ধর্মীয় ঐতিহ্যের আবহে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উদযাপিত হয়েছে শ্রীশ্রী গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব-২০২৬। শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলার স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ উৎসবে পূজা-অর্চনা, ভোগ নিবেদন ও প্রসাদ বিতরণে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার দক্ষিণ সাবেক এলাকার ঐতিহ্যবাহী শ্রীশ্রী সমভাব আদিত্যধাম ও রাধা গোপীনাথ মন্দির প্রাঙ্গণে এ ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়। এতে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা থেকে ভক্তরা অংশ নেন।
সনাতন ধর্মীয় পুরাণ অনুসারে, ব্রজবাসীদের দেবরাজ ইন্দ্রের প্রবল বৃষ্টিপাত থেকে রক্ষা করতে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। টানা সাত দিন পর্বতের নিচে আশ্রয় নিয়ে নিরাপদে ছিলেন ব্রজবাসী ও তাঁদের গবাদিপশু। শ্রীকৃষ্ণের এই লীলার স্মরণেই সনাতন ধর্মাবলম্বীরা গিরি গোবর্ধন পূজা পালন করেন।
গোবর্ধন পূজার মূল শিক্ষা হলো প্রকৃতির প্রতি শ্রদ্ধা, জীবজগতের কল্যাণ, অহংকার পরিহার এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস। মানুষের জীবন ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের বিষয়টিও এ পূজার মাধ্যমে তুলে ধরা হয়।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল অন্নকূট মহোৎসব। এ উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের রান্না করা খাবার, ফলমূল ও মিষ্টান্ন ভোগ হিসেবে নিবেদন করা হয়। পূজার আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এ আয়োজন ভক্তদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তা দেয়। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমভাব আদিত্যধামের এ আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়।
শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলার মহিমা স্মরণ এবং ভক্তি ও সম্প্রীতির চেতনা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয় এবারের গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব।
মতামত