সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব ৫ দিনব্যাপী কাত্যায়নী পূজা মাগুরায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ষষ্ঠী পূজার মাধ্যমে এই মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে। গত বছর জেলায় ৮৩টি মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হলেও এ বছর সনাতনী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ধর্মীয় ঐতিহ্যের ধারাবাহিকতায় মণ্ডপের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪টিতে, যার মধ্যে মাগুরা পৌর এলাকাতেই রয়েছে ২১টি মণ্ডপ। বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক তোরণ আর সুদৃশ্য প্রতিমায় পুরো মাগুরা শহর এখন এক উৎসবমুখর পুণ্যভূমিতে পরিণত হয়েছে।
মাগুরার এই কাত্যায়নী পূজার রয়েছে প্রায় ৭৫ বছরের গৌরবময় ইতিহাস ও সনাতনী সংস্কৃতির শেকড়। জানা যায়, ১৯৫০ সালের দিকে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার সমাজসেবক ও মুদি ব্যবসায়ী সতীশ মাঝি নিজ সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অধিকার ও পূজা পালনের সুযোগ করে দিতে একক উদ্যোগে এই পূজার প্রচলন করেন। সে সময় স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ বর্ষা মৌসুমে জীবিকার তাগিদে নদীতে মাছ ধরায় ব্যস্ত থাকায় শারদীয় দুর্গাপূজায় যথাযথভাবে অংশ নিতে পারতেন না। সতীশ মাঝির সেই মহতী উদ্যোগই কালক্রমে সনাতনী ঐতিহ্যের এক বিশাল মিলনমেলায় রূপ নিয়েছে। সত্তরের দশকে পারনান্দুয়ালী, ছানাবাবুর বটতলা ও নিজনান্দুয়ালী—এই তিনটি মণ্ডপে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা পুরো জেলায় ছড়িয়ে পড়েছে।
(News copied from- 'হিন্দুস নিউজ')
শহরের ছানাবাবুর বটতলা, নিজনান্দুয়ালী আশ্রম ও জামরুলতলা পূজামণ্ডপসহ প্রতিটি মণ্ডপে চলছে ব্যাপক ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন। পূজার পাশাপাশি বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা নানা পসরা সাজিয়ে বসেছেন। ছানাবাবুর বটতলা মণ্ডপের পুরোহিত বিশ্বনাথ ভট্টাচার্য জানান, হেমন্তকালীন এই কাত্যায়নী পূজা দুর্গাপূজার প্রায় এক মাস পর অনুষ্ঠিত হয় এবং দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। স্থানীয় বাসিন্দা সুকান্তসহ সনাতনী ভক্তদের মতে, এই উৎসব কেবল ধর্মীয় আচার নয়, বরং সনাতনীদের হাজার বছরের ঐতিহ্য রক্ষা এবং সব জাতি-ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করার এক অনন্য মাধ্যম। যদিও এ বছর মেলার সময়কাল কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে, তবুও ভক্তদের উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি।
মাগুরা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস আশা প্রকাশ করে বলেন, এ বছর জেলার ১০৪টি মণ্ডপে অন্তত ১০ লাখ ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে। সনাতনী ধর্মাবলম্বীদের এই বৃহৎ উৎসব নির্বিঘ্ন করতে এবং সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানিয়েছেন, পূজা ও মেলাকে ঘিরে পুলিশ, এসআরবি ও আনসার সদস্যদের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে, যাতে সনাতনী ভক্তসহ আগত সব দর্শনার্থী সম্পূর্ণ নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন।
মতামত