গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক অনুসারীর প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ইনফান্তিনো। ওই অনুসারী জানতে চান, বাংলাদেশ কি কখনো ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কি না। উত্তরে ফিফা সভাপতি স্পষ্ট ও ইতিবাচক অবস্থান নেন।
ইনফান্তিনো বলেন,
‘অবশ্যই বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারে। ফিফার লক্ষ্য হলো বাংলাদেশসহ এমন দেশগুলোকে বিশ্বকাপে সুযোগ করে দেওয়া, যারা এখনো প্রথমবারের মতো এই আসরে অংশগ্রহণের সুযোগ পায়নি।’
বাংলাদেশকে একটি ফুটবলপ্রেমী দেশ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন,
‘বাংলাদেশ একটি দুর্দান্ত ফুটবল দেশ। এখানে ফুটবল দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে এবং তাদের অবশ্যই সুযোগ রয়েছে।’
ফিফা সভাপতি জানান, বাংলাদেশি ফুটবলের সার্বিক উন্নয়নে ফিফা ইতোমধ্যেই বিনিয়োগ করছে। খেলোয়াড়, কোচ, অবকাঠামো এবং ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের উন্নয়নে ফিফার নানা কর্মসূচি চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিশ্বজুড়ে প্রতিভার ঘাটতি নেই উল্লেখ করে ইনফান্তিনো বলেন, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তাঁর ভাষায়,
‘বাংলাদেশসহ সারা বিশ্বেই প্রতিভা রয়েছে। খুব দূরের নয় এমন ভবিষ্যতে আমরা বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে আগ্রহী।’
ফিফা সভাপতির এই মন্তব্য বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ফুটবল পিছিয়ে থাকলেও, এই বক্তব্য দেশটির ফুটবলের সম্ভাবনা নিয়ে বৈশ্বিক স্বীকৃতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত