আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীসহ দেশের লাখ লাখ ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। দেশের সর্ববৃহৎ এই সামাজিক ও ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দেওয়া এবং তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে উৎসবকালীন যাত্রী ভোগান্তি কমাতে পাঁচটি আন্তঃনগর ট্রেনের নির্ধারিত সাপ্তাহিক ছুটি বা ‘অফ ডে’ প্রত্যাহার করেছে রেলপথ মন্ত্রণালয়। গত রোববার রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসবে মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরার সার্বিক বিষয় বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী উল্লেখ করেন, আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম-ঢাকা রুটে বিশেষ ট্রেন 'ঢাকা স্পেশাল-৩' পরিচালিত হবে। এর পাশাপাশি পর্যটন ও উৎসবের টানে ঘুরতে যাওয়া মানুষের সুবিধার্থে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে আগামী ২০, ২৩ ও ২৪ অক্টোবর 'ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২' এবং ২৪ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে 'চট্টগ্রাম স্পেশাল-৪' ট্রেন চলাচল করবে।
রেলপথের এই বিশেষ ব্যবস্থাপনার পাশাপাশি পূর্বাঞ্চলের অতি জনপ্রিয় কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের নির্ধারিত ছুটি বাতিল করা হয়েছে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের অফ ডে বাতিল করে ট্রেনগুলো নিয়মিত চালুর ব্যবস্থা রাখা হয়েছে। (News copied from- 'হিন্দুস নিউজ') পূজা উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত চাহিদা মেটাতে পূর্বাঞ্চলীয় রুটে ২৩টি অতিরিক্ত মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলীয় রুটে ৬টি ব্রডগেজ কোচ সাধারণ যাত্রীবাহী ট্রেনে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
নির্ধারিত সময়ে ট্রেন চলাচল নিশ্চিত করতে এবং সিডিউল বিপর্যয় এড়াতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের নিবিড় নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রেলপথ ও ব্রিজের নিরাপত্তা রক্ষায় বিশেষ পেট্রোলিংয়ের পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় রিলিফ ট্রেন প্রস্তুত থাকবে। যেকোনো সম্প্রদায়ের মানুষের অধিকার ও উৎসবের দিনগুলোতে নিরাপত্তা বিধান রাষ্ট্রের অন্যতম দায়িত্ব, সে বিষয়টি মাথায় রেখে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ প্রধান প্রধান রেলস্টেশনগুলোতে আরএনবি ও জিআরপি বাহিনীর পাহারা জোরদার করা হয়েছে। এমনকি স্টেশনগুলোতে কোনো প্রকার হয়রানি রোধ ও শৃঙ্খলা রক্ষায় ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালন নিশ্চিত করার ঘোষণা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
মতামত