ঋতিকা গিরিকে বিয়ে করে সম্প্রতি বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন টালিউড অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে ঘিরে শুরু হয় তীব্র আলোচনা। যদিও এতদিন এই ইস্যুতে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি হিরণ। তবে দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে হিরণ ও ঋতিকা গিরির বিয়ের ছবি। বারাণসীর ঘাটে হিন্দু রীতিতে সম্পন্ন হওয়া সেই বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়। অভিযোগ ওঠে, প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়কে আইনি বিচ্ছেদ না দিয়েই দ্বিতীয়বার বিয়ে করেছেন অভিনেতা। এই অভিযোগের ভিত্তিতেই প্রথম স্ত্রী আনন্দপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে হিরণ চট্টোপাধ্যায় প্রথমে জানান, তিনি দীর্ঘদিন কলকাতার বাইরে ছিলেন। রাজনৈতিক কাজের সূত্রে আপাতত কলকাতাতেই অবস্থান করবেন বলেও উল্লেখ করেন তিনি।
দ্বিতীয় বিয়ে ও চলমান বিতর্ক প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অভিনেতা স্পষ্ট করে বলেন, বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। আদালতের প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং বিচারাধীন কোনও বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা তাঁর পক্ষে সম্ভব নয় বলেও জানান হিরণ।
উল্লেখ্য, প্রায় পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর ঋতিকা গিরিকে বিয়ে করেন হিরণ চট্টোপাধ্যায়। প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি সংসার রয়েছে এবং সেই সংসারে অভিনেতার ১৯ বছরের এক কন্যাসন্তান রয়েছে। বিয়ের বৈধতা ও অভিযোগ ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন আদালতের বিচারাধীন থাকায় বিষয়টির পরবর্তী আইনি গতিপ্রকৃতির দিকেই নজর রয়েছে সকলে
মতামত