ডব্লিউএইচও জানায়, রাজশাহী বিভাগের নওগাঁ জেলার ৪০ থেকে ৫০ বছর বয়সী ওই নারী গত জানুয়ারিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। মৃত্যুর পরদিন পরীক্ষাগারে তার শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
সংস্থাটির তথ্যমতে, ৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ‘ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস ন্যাশনাল ফোকাল পয়েন্ট’ (আইএইচআর এনএফপি) আনুষ্ঠানিকভাবে সংক্রমণের বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২১ জানুয়ারি ওই নারীর জ্বর ও স্নায়বিক জটিলতা দেখা দেয়। তার কোনো বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকলেও তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন, যা নিপা ভাইরাস সংক্রমণের একটি পরিচিত মাধ্যম হিসেবে চিহ্নিত।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত রোগীর সংস্পর্শে আসা ৩৫ জনকে শনাক্ত ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাদের মধ্যে নতুন করে কারও শরীরে নিপা সংক্রমণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি দুটি নিপা সংক্রমণ শনাক্তের প্রেক্ষাপটে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে নজরদারি জোরদার করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ বা অন্য কোনো দেশের জন্য ভ্রমণ কিংবা বাণিজ্যিক নিষেধাজ্ঞার প্রয়োজন নেই বলে জানিয়েছে ডব্লিউএইচও।
মতামত