ক্যাম্পে প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস নির্ণয়, সাধারণ রোগের চিকিৎসা, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়া হচ্ছে। পাহাড়ি পথ বেয়ে মন্দিরে উঠতে গিয়ে অনেক ভক্ত শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন—ক্লান্তি, পানিশূন্যতা, মাথা ঘোরা কিংবা পায়ে আঘাতের মতো সমস্যায় ভোগেন। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করাই ক্যাম্পের প্রধান লক্ষ্য।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিব চতুর্দশী ও মেলার সময় দর্শনার্থীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। তাই সম্ভাব্য জরুরি পরিস্থিতি বিবেচনায় রেখে চিকিৎসক ও স্বেচ্ছাসেবীর সংখ্যা বাড়ানো হয়েছে। গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে। প্রয়োজনে অ্যাম্বুলেন্স সহায়তার জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
চিকিৎসাসেবার পাশাপাশি তীর্থযাত্রীদের সার্বিক সহায়তায়ও কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। বয়স্ক ও অসুস্থ ভক্তদের পাহাড়ে উঠতে সহযোগিতা, পথনির্দেশনা প্রদান, বিশ্রাম ও পানির ব্যবস্থা সম্পর্কে তথ্য দেওয়া এসব দায়িত্ব পালন করছেন তারা। নারী, শিশু ও প্রবীণদের জন্য আলাদা সহায়তাও নিশ্চিত করা হয়েছে।
আয়োজকদের ভাষ্য, ধর্মীয় উৎসবের এই মহাসমাগমে মানবসেবাই তাদের মূল ব্রত। ভবিষ্যতেও চন্দ্রনাথধামে আগত ভক্তদের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত