চট্টগ্রামের পবিত্র মহাতীর্থ চন্দ্রনাথ ধাম-এ তীর্থদর্শনে এসে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক ভক্ত। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি সামাল দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশনের স্বয়ংসেবকেরা। হাজারো ভক্তের ভিড়ের মধ্যেও তাঁদের দ্রুত তৎপরতা ও দায়িত্বশীল ভূমিকায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অসুস্থ ভক্ত হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লে নিকটস্থ স্বয়ংসেবকেরা দ্রুত তাঁকে ঘিরে ধরেন এবং প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরে তাঁকে মেলার ভেতরে স্থাপিত মেডিকেল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং রোগীর অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার কথা জানান।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। এরপর ভক্তকে জরুরি ভিত্তিতে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ স্থানান্তর করা হয়।
মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশনের স্বয়ংসেবকদের দ্রুত সিদ্ধান্ত, সমন্বিত প্রচেষ্টা ও মানবিক মনোভাবের ফলে অসুস্থ ভক্ত সময়মতো চিকিৎসা সেবা পেয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান। ধর্মীয় সেবার পাশাপাশি মানবসেবাই যে এই সংগঠনের মূল অঙ্গীকার—ঘটনাটি তারই বাস্তব উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
স্থানীয় ভক্ত ও তীর্থযাত্রীরা এই মানবিক উদ্যোগের জন্য মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশনের স্বয়ংসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা জানান, সংকটের মুহূর্তে পাশে দাঁড়ানোই প্রকৃত সেবা, আর এই দৃষ্টান্ত ভবিষ্যতেও অন্যদের মানবিক কাজে উদ্বুদ্ধ করবে।
মতামত