নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ধর্মীয় আচার পালনের সময় উলুধ্বনি দেওয়াকে কেন্দ্র করে এক হিন্দু গৃহবধূ ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। উপজেলার চরকিং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ধর্মীয় আচারের অংশ হিসেবে উলুধ্বনি দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী সায়েম ও তার সন্তানরা সবিতা বালা দাস, তার স্বামী রতন চন্দ্র দাস এবং তাদের সন্তানের ওপর চড়াও হয়। অভিযুক্তরা একই বাড়িতে বসবাসকারী প্রতিবেশী বলে জানা গেছে। ভুক্তভোগীদের দাবি, হিন্দু ধর্মীয় রীতি পালনে বাধা দিতেই এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে।ভুক্তভোগী পরিবারটি আরও জানায়, প্রায় পাঁচ বছর আগে অভিযুক্ত সায়েম স্থানীয় এক হিন্দু পরিবারের কাছ থেকে জমি কিনে ওই বাড়িতে বসবাস শুরু করেন। অভিযোগ রয়েছে যে, গত ৩-৪ বছর ধরে তিনি ওই পরিবারের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটাচ্ছেন। হাঁস-মুরগি পালন থেকে শুরু করে পূজা-পার্বণ ও ধর্মীয় আচার পালনেও নিয়মিত বাধা দিয়ে আসছিলেন বলে দাবি ভুক্তভোগীদের।
ভুক্তভোগী সবিতা বালা দাসের পরিবার জানায়, আর্থিক অসচ্ছলতার কারণে তারা এতদিন আইনি লড়াইয়ে নামতে পারেননি। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান মেলেনি। কোনো প্রতিকার না পেয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।সাম্প্রতিক এই হামলার পর পরিবারটি প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
মতামত