সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হিন্দু সম্প্রদায়ের জন্য জাতীয় সংসদসহ রাষ্ট্রের সর্বক্ষেত্রে আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচনী ব্যবস্থার দাবিতে সকল হিন্দু দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে প্রায় ৮০ জন হিন্দু প্রার্থী অংশগ্রহণ করলেও কেউ নির্বাচিত হতে পারেননি। এর ফলে বর্তমানে জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের কার্যকর প্রতিনিধিত্ব প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। তিনি বলেন, “সংখ্যালঘুদের কণ্ঠস্বর যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয়।”
গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, যৌথ নির্বাচনী ব্যবস্থার কারণে সংখ্যালঘু প্রার্থীদের সংসদে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তিনি আরও উল্লেখ করেন, “গত ৭০ বছরের বঞ্চনার ইতিহাস এবং সাম্প্রতিক নির্বাচনের ফলাফল বিবেচনা করলে এখনই হিন্দু সম্প্রদায়ের ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসনের ব্যবস্থা ছাড়া সংখ্যালঘুদের জন্য সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব নয়।”

গোবিন্দ চন্দ্র প্রামাণিক আশা প্রকাশ করেছেন, এই প্রক্রিয়ায় হিন্দু সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসন বাস্তবায়িত হলে আগামী প্রজন্মের জন্য সংখ্যালঘু অধিকার রক্ষা হবে এবং রাজনৈতিক অন্তর্ভুক্তি আরও শক্তিশালী হবে।
মতামত