রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী সবিতা রাণী রায় জার্মানির একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নের সুযোগ পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সবিতা রাণী রায় বেরোবি-র মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী। তিনি জার্মানির ইনগলস্টাড্ট শহরের ‘কাথলিশে ইউনিভার্সিট্যাট’-এ বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড অপারেশনাল রিসার্চ (বিএওআর) বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে আজ ৬ এপ্রিল তিনি জার্মানির পথে ঢাকা ত্যাগ করবেন। তাঁর গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলায়।
সবিতা রাণীর এই সাফল্যে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “বিদেশে উচ্চশিক্ষার জন্য অফার পাওয়া আমাদের প্রিয় শিক্ষার্থীর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্যও অত্যন্ত গর্বের বিষয়। আমি আশা করি, তিনি বিশ্বমানের জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে দেশের উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
সবিতা রাণী রায়ের এই কৃতিত্বপূর্ণ অর্জন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের বিশেষ করে ছাত্রীদের উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও সহপাঠীরা। তাঁর এই সাফল্যে নীলফামারীর ডিমলা উপজেলাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। সকলে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সমৃদ্ধ জীবন কামনা করেছেন।
মতামত