চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলী এলাকার খিল্লাপাড়া নাথপাড়ায় জগদ্ধাত্রী মন্দির সংলগ্ন একটি পুকুর জোরপূর্বক ভরাটের অভিযোগে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে। সোমবার (৭ এপ্রিল ২০২৬) এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ পাহাড়তলীর খিল্লাপাড়া, নাথপাড়া এলাকায় অবস্থিত জগদ্ধাত্রী মন্দিরের পাশে থাকা পুকুরটি জোরপূর্বক ভরাটের কার্যক্রম শুরু করা হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরবর্তীতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।


স্থানীয় সনাতনী সম্প্রদায় ও মন্দিরসংশ্লিষ্টদের মধ্যে এ ঘটনায় স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করছেন, মন্দির সংলগ্ন প্রাকৃতিক জলাধার রক্ষায় প্রশাসনের এই দ্রুত হস্তক্ষেপ ধর্মীয় ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থাপনার সুরক্ষাতেও ইতিবাচক ভূমিকা রেখেছে।
উপজেলা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে কোনো প্রভাবশালী মহল বা ব্যক্তি যেন এভাবে ধর্মীয় স্থাপনা সংলগ্ন জলাধার ও পরিবেশ ধ্বংসের অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে প্রশাসন আরও কঠোর নজরদারি বজায় রাখবে।
মতামত