হবিগঞ্জের লাখাই উপজেলায় গোপেশ সূত্রধর (৪৫)-এর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবারের অভিযোগ, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে একই এলাকার কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায়। কয়েকদিন পর গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরিয়ে দেওয়া হলে রক্তবমি শুরু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটিকে পরিবার সরাসরি ‘পরিকল্পিত হত্যা’ বলে দাবি করেছে।
নিহত গোপেশ সূত্রধর হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব ইউনিয়নের করাব গুদারাঘাট কদমতলী রোড এলাকার বাসিন্দা এবং মৃত গোপাল সূত্রধরের ছেলে। স্থানীয় সূত্র ও পারিবারিক অভিযোগ অনুযায়ী, গত কয়েকদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য, একই এলাকার মোঃ কামাল নামের এক ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে তিন থেকে চার দিন একটি স্থানে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।
পরিবারের দাবি, পরে এলাকার কয়েকজন ব্যক্তি বিষয়টি জানতে পেরে গোপেশ সূত্রধরকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে আনার পর থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরিবারের সদস্যরা জানান, তিনি তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকেন এবং একপর্যায়ে রক্তবমি শুরু হয়। অবশেষে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই পরেশ সূত্রধর অভিযোগ করে বলেন, গোপেশকে এলাকার কামাল মিয়া ও তার সহযোগীরা নিজেদের বাড়িতে আটকে রেখে কয়েকদিন ধরে মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও জখম সৃষ্টি হয়। গুরুতর অবস্থায় তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর দুই দিন তিনি অসহনীয় যন্ত্রণা সহ্য করেন। মঙ্গলবার তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি আর বেঁচে নেই।
পরিবার ও স্থানীয়দের ধারণা, গোপেশ সূত্রধরের ওপর পরিকল্পিতভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, গোপেশকে একটি প্রভাবশালী পক্ষের লোকজনের বাড়িতে আটকে রেখে নির্যাতনের ঘটনা তারা পরে জানতে পারেন।
নিহতের পরিবার আরও অভিযোগ করেছে, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় প্রথমদিকে মরদেহের পোস্টমর্টেম প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়। তবে পরিবারের সদস্য, স্বজন এবং স্থানীয়দের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় পরিবার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।
ঘটনার পর মঙ্গলবার রাতে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম খান মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে বুধবার মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক গণমাধ্যমকে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।” পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, গোপেশ সূত্রধরের পরিবার অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে বলে জানা গেছে। তার একমাত্র ছেলে রয়েছে এবং স্ত্রী দীর্ঘদিন ধরে স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় বাড়িতে শয্যাশায়ী। পরিবারের উপার্জনক্ষম সদস্যের এমন মৃত্যুর ঘটনায় স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক, অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতা।
স্থানীয় সনাতনী সম্প্রদায়ের সদস্যরা এ ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সংখ্যালঘু পরিবারের ওপর এমন নৃশংসতার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মতামত