ইন্দোনেশিয়ার যোগ্যাকার্তা বিশেষ অঞ্চলে অবস্থিত ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী প্রাম্বানান মন্দির সংরক্ষণে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে ভারত ও ইন্দোনেশিয়া। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই) এই সংরক্ষণকাজ পরিচালনা করবে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর যৌথ উদ্যোগে ‘ভারত-ইন্দোনেশিয়া সহযোগিতামূলক সংরক্ষণ কর্মসূচি’ চালু করা হয়।
ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, এই ঐতিহাসিক সহযোগিতা দুই দেশের দীর্ঘদিনের সভ্যতাগত ও সাংস্কৃতিক সম্পর্কের প্রতীক। একই সঙ্গে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে উভয় দেশের অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
খ্রিস্টীয় দশম শতাব্দীতে নির্মিত প্রাম্বানান মন্দির ইন্দোনেশিয়ার বৃহত্তম হিন্দু মন্দির কমপ্লেক্স। ভগবান শিবকে উৎসর্গ করা এই মন্দির কমপ্লেক্সে মোট ২৪০টি মন্দির রয়েছে। এর কেন্দ্রে শিব, বিষ্ণু ও ব্রহ্মার উদ্দেশ্যে নিবেদিত তিনটি বিশাল মন্দির অবস্থিত।
এ ছাড়াও, দেবতাদের বাহনের উদ্দেশ্যে নির্মিত আরও তিনটি মন্দির রয়েছে। প্রাম্বানান মন্দিরের দেয়ালজুড়ে খোদাই করা রয়েছে রামায়ণের নানা কাহিনি, যা মন্দিরটির ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বকে আরও সমৃদ্ধ করেছে।
ভারত ও ইন্দোনেশিয়ার এই যৌথ সংরক্ষণ উদ্যোগকে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মতামত