দিনাজপুরের কান্তনগরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা কান্তজিউ মন্দির কেবল এক সনাতনী ধর্মীয় উপাসনালয় নয়, এটি সনাতন সংস্কৃতির ঐতিহ্য, বাংলার অনন্য টেরাকোটা শিল্প এবং মানবাতাবোধের এক মহাকাব্যিক রূপ। ১৭০৪ খ্রিস্টাব্দে মহারাজা প্রাণনাথ রায় এই স্থাপত্যের সূচনা করেছিলেন, যা পরবর্তীতে তাঁর পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায়ের হাত ধরে ১৭৫২ সালে পূর্ণতা পায়। শ্রীকৃষ্ণ ও রুক্মিণী দেবীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দিরটির বাইরের দেয়ালজুড়ে ১৫ হাজারেরও বেশি পোড়ামাটির ফলকে অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলার পুণ্যময় আখ্যান। এর পাশাপাশি স্থান পেয়েছে তৎকালীন বাংলার রাজদরবার, শিকার, যুদ্ধ ও সাধারণ মানুষের জীবনযাত্রা, যা প্রায় তিনশ বছরের বাঙালির ইতিহাসকে সজীব করে রেখেছে। ঐতিহ্যবাহী এই নবরত্ন মন্দিরের নয়টি শিখর ১৮৯৭ সালের প্রলয়ংকরী ভূমিকম্পে ধ্বংস হয়ে গেলেও এর আধ্যাত্মিক ও শৈল্পিক মর্যাদা অক্ষুণ্ণ রয়েছে। (News copied from- 'হিন্দুস নিউজ')
স্থাপত্যের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে এই মন্দির নির্মাণে কাজ করেছিলেন পারস্যের কারিগরেরা, যাদের নামাজের সুবিধার্থে কাছেই নির্মিত হয় ঐতিহাসিক নয়াবাদ মসজিদ, যা একই সাথে ভিন্ন ধর্মের সহাবস্থান ও সর্বজনীন মানবাধিকারের এক অনবদ্য প্রতীক। প্রতিবছর শীতের শুরুতে এখানকার ঐতিহ্যবাহী রাস মেলায় বাংলাদেশ ও ভারত থেকে ছুটে আসা সব ধর্মের হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের মেলবন্ধন প্রমাণ করে এর চিরন্তন আবেদন। সম্প্রতি ২০২৫ সালে বাংলাদেশের ২০ টাকার নোটে স্থান পেয়ে মন্দিরটি তার জাতীয় ও বৈশ্বিক গুরুত্বের নতুন স্বীকৃতি লাভ করেছে, যা মনে করিয়ে দেয় যে সময় বহু কিছু গ্রাস করলেও সত্য, শিল্প এবং বাঙালির মূল ধারার ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না।
মতামত