জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলা অভিষেক পৌর কমিটির সম্মেলন ও আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শারদ উপহার, শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ অক্টোবর রাঙ্গামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে এই আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু।
প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দিপু বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। এখানে সকল ধর্ম ও গোত্রের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আজ সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। বর্তমান সমাজ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করতে হবে। সরকার ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সুর্পণ দেব বর্মণ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কান্তি মহাজন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের রাঙ্গামাটি সভাপতি অরূপ মুৎসুদ্দী, জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্চয় বনিক,
কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুজন দাশ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটির সাধারণ সম্পাদক হিমাদ্রী দে হিমু।
বক্তারা বলেন, সনাতন ধর্মীয় অনুশাসন ও বাঙালি সংস্কৃতির মূল চেতনা ধারণ করে জাগো হিন্দু পরিষদ দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত রেখে আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা রাঙ্গামাটির দুস্থ সনাতন ধর্মাবলম্বী মানুষের হাতে শারদীয় বস্ত্র বা উপহার তুলে দেন। পাশাপাশি, জেলার বিভিন্ন স্কুলের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মতামত