প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে রাজশাহীর পুঠিয়ায় এক হিন্দু যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন ২২ বছর বয়সী এক মুসলিম তরুণী। গত দুদিন ধরে তিনি সেখানে অবস্থান করছেন। উপজেলার কৃষ্ণপুর বুড়া শিবতলা এলাকায় এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিকে তরুণীর অবস্থান ও বিয়ের দাবিকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-উত্তেজনা তৈরি হয়েছে। যুবকের পরিবার জানিয়েছে, তারা বিয়ের প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুরের বলাইচর দক্ষিণপাড়া এলাকার আশরাফ আলীর মেয়ের সঙ্গে পুঠিয়ার কৃষ্ণপুর বুড়া শিবতলা এলাকার অনিক কুমার দাসের (২১) পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। অনিকের বাবা বিমল চন্দ্র দাস।
তরুণীর দাবি, ফেসবুকে পরিচয়ের পর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর ধরে তাঁদের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের পরিণতি হিসেবে অনিককে বিয়ে করতে চান তিনি। এ জন্যই বাড়িতে এসে অবস্থান নিয়েছেন।
তরুণী জানান, গত রাতে তিনি পুঠিয়ায় পৌঁছান। পরে অনিকের পরিবারের সদস্যরা তাঁকে পুঠিয়া বাসস্ট্যান্ড থেকে বাড়িতে নিয়ে যান। এরপর থেকে তিনি ওই বাড়িতেই রয়েছেন।
অনিককে বিয়ে করার বিষয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন তরুণী। প্রয়োজনে হিন্দুধর্ম গ্রহণ করতেও তাঁর আপত্তি নেই বলে দাবি করেছেন তিনি। তবে এ বিষয়ে ধর্মীয় বা আইনগত কোনো আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে কি না, তা জানা যায়নি।
শুক্রবার (৩০ অক্টোবর) ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। তাঁদের কয়েকজন জানিয়েছেন, তরুণীকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যুবকের পরিবারকে বলা হয়েছে। তবে তরুণী বাড়ি ছেড়ে যেতে রাজি নন বলে জানা গেছে।
এদিকে অনিকের বাবা বিমল চন্দ্র দাস জানিয়েছেন, তরুণীর বাবা-মায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়েছে। তাঁর দাবি, মেয়ের বিষয়ে তাঁদের আর কোনো দাবি নেই বলে জানিয়েছেন তরুণীর অভিভাবকেরা।
বিমল দাসের ভাষ্য, তরুণীর পরিবারের পক্ষ থেকে এমন কথা জানানোয় তাঁরা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানিয়েছেন, মুসলিম তরুণীর হিন্দু যুবকের বাড়িতে অবস্থান নেওয়ার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত