লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় তুলে লক্ষ্মী রানী নাথ নামে এক শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছিনতাইকারীদের বিরুদ্ধে। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
বুধবার (১১ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে চন্দ্রগঞ্জের আফজাল রোড থেকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লক্ষ্মী রানী নাথ উপজেলার আলহাজ ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার উদ্দেশে আফজাল রোড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন লক্ষ্মী রানী নাথ। তার গন্তব্য ছিল চন্দ্রগঞ্জ থানা থেকে সামান্য পশ্চিমে একটি নার্সারির সামনে। তবে তাকে বাড়ির গন্তব্যের পথে না নিয়ে সিএনজিটি কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সড়ক দিয়ে সামনে এগিয়ে যায়। একপর্যায়ে তাকে মারধর করে হাত, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, এ ঘটনায় অটোরিকশাচালক ও ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
মতামত