যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঐতিহাসিক নির্বাহী আদেশে স্বাক্ষর করে ৬০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা, চুক্তি ও সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউস জানায়, এসব সংস্থার মধ্যে ৩১টি জাতিসংঘ অনুমোদিত এবং ৩৫টি জাতিসংঘের বাইরের আন্তর্জাতিক সংগঠন রয়েছে, যেগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে বলে দাবি করা হয়েছে।
হোয়াইট হাউস থেকে প্রকাশিত ফ্যাক্ট শিটে বলা হয়, এই সংস্থাগুলোর অনেকগুলো ‘অপ্রয়োজনীয়’ এবং কিছু সংগঠন যুক্তরাষ্ট্রের নীতি ও স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান নিয়েছে। তাই সব সরকারি বিভাগ ও সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব এসব আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করতে।
এই তালিকায় ভারত ও ফ্রান্সের যৌথ উদ্যোগে গঠিত ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স-এর নামও রয়েছে, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সৌরশক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে কাজ করে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে এবং বৈশ্বিক কূটনীতি ও জলবায়ু সহযোগিতায় এর প্রভাব নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক কূটনীতির অবস্থানকে আরও সংকুচিত করতে পারে এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেশটির ভূমিকা দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি পর্যবেক্ষকরা।
মতামত