উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাজ্যে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী নাফিজুল হক শাকিল (২৩)। লন্ডনের পূর্বাঞ্চলে সংঘটিত এ দুর্ঘটনায় এক বছর আগে দেশ ছাড়লেও আর ফিরে আসা হলো না সিলেটের এই মেধাবী তরুণের।
স্বজনদের বরাতে জানা যায়, গত ১৪ জানুয়ারি বুধবার পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন শাকিল। এ সময় একটি প্রাইভেট কার হঠাৎ রাস্তার পাশে দরজা খুলে দিলে তিনি ভারসাম্য হারিয়ে সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক-লরি তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় শাকিলকে দ্রুত রয়্যাল লন্ডন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ট্রমা বিভাগে টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নাফিজুল হক শাকিল শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে যান এবং লন্ডন সাউথব্যাংক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। পড়ালেখার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য তিনি সাইকেল চালিয়ে ফুড ডেলিভারির খণ্ডকালীন কাজ করতেন। পরিবারের আর্থিক অবস্থার উন্নতি এবং উচ্চশিক্ষা অর্জনের স্বপ্নই তাকে বিদেশে পাড়ি জমাতে অনুপ্রাণিত করেছিল।
শাকিল সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাছবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামের বাসিন্দা ফজলুল হকের বড় ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে, যা তদারকিতে কানাইঘাটের বিভিন্ন সামাজিক ও কমিউনিটির নেতারা কাজ করছেন।
মতামত