চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন।
রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আবেদনের প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন নয়টি স্থানে ক্ষতিগ্রস্ত বসতবাড়ির পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সম্প্রতি রাউজানের একাধিক এলাকায় দুর্বৃত্তরা সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি বসতঘরে অগ্নিসংযোগ করে। এতে অন্তত নয়টি স্থানে বসবাসরত পরিবারগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। ক্ষতিগ্রস্তরা তাদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে মানবেতর জীবনযাপন শুরু করেন। এ পরিস্থিতিতে রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের কাছে সহায়তার আবেদন জানায়।
আবেদনের ভিত্তিতে সংগঠনটির নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে আর্থিক অনুদান বিতরণ করেন। সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, মহাসচিব অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, প্রাক্তন মহাসচিব শ্যামল কুমার পালিত, সহ-মহাসচিব বিশ্বজিৎ পালিত, শিক্ষাসচিব অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, ত্রাণ ও পুনর্বাসন সচিব সুভাষ দাশ, সদস্য অনুপ রক্ষিত ও রিমন মুহুরী।


ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, এই সহায়তা তাদের দুর্দিনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। স্থানীয়দের মতে, দ্রুত পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
মতামত