চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর সাবেক এলাকায় অবস্থিত শ্রীশ্রী রাসবিহারী ধাম প্রাঙ্গণে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় একদিনব্যাপী শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞের আয়োজন করা হয়েছে। আগামী ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ (বুধবার) এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শ্রীশ্রী জ্ঞান প্রদায়িনী গীতা সংঘ ও গীতাযজ্ঞ উদযাপন পরিষদ-২০২৬ এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত সন্ন্যাসী, ব্রহ্মচারী ও ভক্তবৃন্দের মিলনমেলা ঘটবে বলে আয়োজকরা জানিয়েছেন। পরম শ্রদ্ধেয় ১১৭তম আচার্যপাদ পরমহংসদেব শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের পবিত্র আবির্ভাব তিথি স্মরণে এই গীতাযজ্ঞ বিশেষ তাৎপর্য বহন করছে।
অনুষ্ঠান মঞ্জুষা অনুযায়ী, ব্রাহ্ম মুহূর্তে হরি ওঁ কীর্তন ও গুরু বন্দনার মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হবে। সকাল ৮টায় শ্রীশ্রী চণ্ডী পাঠ অনুষ্ঠিত হবে এবং সকাল ১০টায় বিশ্বশান্তি গীতাযজ্ঞের মূল আয়োজন শুরু হবে। এই গীতাযজ্ঞে পৌরহিত্য করবেন আন্তর্জাতিক শঙ্কর মিশন, সীতাকুণ্ডের অধ্যক্ষ শ্রীশ্রী স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী হরিকৃপানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী উত্তমানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী বিমলানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ রূপকানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ পুলকানন্দ ব্রহ্মচারী মহারাজসহ আরো অনেক সন্ন্যাসী ও ব্রহ্মচারীবৃন্দ।
দুপুর ১২টায় দীক্ষাদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে আগ্রহী ভক্তরা আধ্যাত্মিক দীক্ষা গ্রহণের সুযোগ পাবেন। এরপর দুপুর ১টায় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। বিকাল ৫টায় দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হবে।
শাস্ত্রোক্ত বাণী “সহযজ্ঞাঃ প্রজাঃ সৃষ্টা পুরোবাচ প্রজাপতিঃ” এর আলোকে আয়োজিত এই গীতাযজ্ঞের মাধ্যমে বিশ্বশান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
আয়োজক কমিটির সভাপতি শ্রী আদিনাথ বিশ্বাস, অর্থ-সম্পাদক শ্রী বটল কান্তি দে এবং সাধারণ সম্পাদক শ্রী ফুল কান্তি দে এক যৌথ বিবৃতিতে সকল ভক্ত ও ধর্মপ্রাণ মানুষকে পরিবার-পরিজনসহ উপস্থিত থেকে এই পুণ্যময় আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
মতামত