বিপিএলে অনুশীলনের সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের আগে ওয়ার্ম আপ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাচ শুরুর আগে ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা যখন নিয়মিত ওয়ার্ম আপ করছিলেন, তখন খেলোয়াড়দের সঙ্গেই মাঠে উপস্থিত ছিলেন মাহবুব আলি জ্যাকি। হঠাৎ করেই তিনি মাটিতে লুটিয়ে পড়লে মুহূর্তের মধ্যে মাঠজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দলের মেডিকেল স্টাফ ও সংশ্লিষ্টরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং সিপিআর (কার্ডিও পালমোনারি রিসাসিটেশন) প্রয়োগ করা হয়।

মাহবুব আলি জ্যাকির আকস্মিক মৃত্যুতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শোকের ছায়া নেমে আসে। খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা ও উপস্থিত দর্শকদের মধ্যে গভীর শোক ও হতবাক অবস্থা লক্ষ্য করা যায়। অনেকেই এ ঘটনাকে দেশের ক্রিকেটের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন।
প্রসঙ্গত, মাহবুব আলি জ্যাকি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তালিকাভুক্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিপিএলের বিভিন্ন আসরে নিয়মিতভাবেই বিভিন্ন দলের কোচিং স্টাফে তাকে দেখা গেছে। পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোর উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ করে ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ে কোচিং স্টাফের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মাহবুব আলি জ্যাকি।
তার মৃত্যুতে দেশের ক্রিকেটাঙ্গনে নেমে এসেছে গভীর শোক। বিভিন্ন মহল থেকে তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।
মতামত