বংশগতভাবে এই ভূমি ছিল সাধকদের চারণক্ষেত্র। মোগল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার রাজত্বকালে নদীয়ার কৃষ্ণনগরের বিখ্যাত চৌধুরী বংশ কালক্রমে বাণীগ্রামে এসে বসতি স্থাপন করে, যেখানে পুরুষানুক্রমে নন্দরাম ও রামদুলালের মতো সিদ্ধ সাধকদের আবির্ভাব ঘটেছিল। সেই পুণ্য পরম্পরাকে ধারণ করেই পৃথিবীতে পদার্পণ করেন অদ্বৈতানন্দ পুরী মহারাজ, যাঁর জীবনের মূল লক্ষ্যই ছিল সনাতনীদের আত্মিক জাগরণ এবং মানবকল্যাণ সাধন।
আধ্যাত্মিক মার্গ দর্শনের পাশাপাশি জাগতিক শিক্ষাতেও তিনি ছিলেন অনন্য। ১৯২৩ খ্রিষ্টাব্দে বাণীগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে গণিত ও সংস্কৃত শাস্ত্রে লেটার মার্কসহ প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরবর্তীতে সংস্কৃত শাস্ত্র ও দর্শনে উচ্চতর উপাধি লাভ করেন। পিতার সহায়ক হিসেবে তিনি বংশগত চিকিৎসাবিদ্যা অর্থাৎ আয়ুর্বেদেও গভীর ব্যুৎপত্তি অর্জন করেন এবং লোকালয়ে ‘আর্য চতুষ্পাঠী’ নামে একটি সংস্কৃত টোল প্রতিষ্ঠা করে শিক্ষার আলো ছড়াতে থাকেন। শুধু তাই নয়, গ্রামীণ যুবসমাজকে সংস্কৃতির ধারায় যুক্ত করতে কিশোরদের নিয়ে ‘ভক্তির ডোর’ ও ‘বৃত্রসংহার’ নামক দুটি কালজয়ী নাটকও পরিচালনা করেন তিনি।
সংসার ত্যাগের তীব্র অভিলাষ থাকলেও গুরু ও পিতার আদেশে তিনি প্রথম জীবনে সংসারে থেকে লোকসেবা করেন। গুরু মহারাজ স্বামী জগদানন্দ পুরী তাঁকে ‘বিদ্বৎ সন্ন্যাস’ প্রদান করে বলেন যে, বাহ্যিক সংসার ত্যাগের চেয়ে অন্তরের অভিমান ও ফলত্যাগই প্রকৃত সন্ন্যাস। বাণীগ্রামের পূর্বদিকের নিবিড় অরণ্য, পরমহংস শিবনারায়ণ গিরির আখড়া, বিল্বকানন বৈষ্ণব আশ্রম এবং পাতামাটিয়ার পাহাড়ের নির্জন বনভূমি ছিল তাঁর প্রধান সাধনক্ষেত্র। তিনি পারিবারিক শ্রীশ্রী রাজরাজেশ্বরী মন্দির প্রাঙ্গণে তারকব্রহ্ম নামযজ্ঞের প্রবর্তন করেন এবং শারদীয় উৎসবে তন্ত্রধারকের আসন অলঙ্কৃত করেন। পিতার দেহাবসানের পর অনুজ অচ্যুতানন্দের হাতে সংসারের দায়িত্ব অর্পণ করে তিনি দেশ-বিদেশের তীর্থ পর্যটনে বের হন। গুরুদেবের সাথে আসামের কামাখ্যা ধাম দর্শনসহ হিমালয়ের মহাতীর্থ কেদারনাথ, বদ্রিনাথ, অমরনাথ, হরিদ্বার ও হৃষিকেশ পরিভ্রমণ করেন। ১৯৫১ ও ১৯৫২ খ্রিষ্টাব্দে তিনি কন্যাকুমারী, রাম সেতুবন্ধ, পন্ডিচেরীর শ্রীঅরবিন্দ আশ্রম, শ্রীক্ষেত্র পুরীধাম, শৃঙ্গেরী মঠ, গঙ্গাসাগর, গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, প্রয়াগ, লক্ষ্ণৌ, অযোধ্যা ও চিত্রকুটধাম সহ ভারতের প্রায় সকল প্রধান তীর্থক্ষেত্র দর্শন করেন।
তীর্থদর্শন শেষে বিদেহী গুরুর স্বর্গীয় নির্দেশে তিনি জঙ্গল কোকদণ্ডীর এক পরিত্যক্ত পাহাড়ি ভূমিতে সনাতন সংস্কৃতির এক ঐতিহাসিক স্তম্ভ ‘ঋষিধাম’ প্রতিষ্ঠার কাজে মনোনিবেশ করেন। তাঁরই প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে ওঠে প্রকৃতির নিসর্গে এক সুরম্য তপোবন। ১৯৫৪ সালে তিনি সাধু-সন্ত ও ভক্তদের জন্য প্রবর্তন করেন ঐতিহাসিক ‘ঋষিকুম্ভ’। আজ বাঁশখালীর গুণাগরীস্থ ঋষিধামে প্রতি তিন বছর পর পর আয়োজিত এই ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দেশ-বিদেশের লক্ষ লক্ষ সনাতনী পুণ্যার্থী সমবেত হন, যা বাংলার বুকে সনাতন ধর্মীয় মহাসম্মেলনের এক অনন্য ক্ষেত্র। আধ্যাত্মিক সাধনার পাশাপাশি তিনি ছিলেন এক প্রাজ্ঞ পণ্ডিত ও লেখক।
সনাতন ধর্মের শাস্ত্রীয় সত্যকে সাধারণ মানুষের কাছে সহজ করতে তিনি রচনা করেন ‘গীতায় গুরুশিষ্য’, ‘শ্রীশ্রী দশমহাবিদ্যা’, ‘শালগ্রাম তত্ত্ব’, ‘शिवলিঙ্গ রহস্য’, ‘গীতা মাধুকরী’, ‘ধর্ম প্রবেশিকা’ এবং ‘উপাসনা পদ্ধতি’-র মতো অমূল্য সব গ্রন্থ। ১৯৬১ সালের ১৮ মে তিনি চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী নন্দনকাননস্থ শ্রীশ্রী তুলসীধামের মোহন্ত পদে অভিষিক্ত হন। চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশে আজ তাঁর লক্ষ লক্ষ ভক্ত ও শিষ্য রয়েছে, যারা তাঁর প্রদর্শিত সত্য, অহিংসা ও সনাতন ধর্মের মর্যাদার পথে নিজেদের পরিচালিত করছেন। ১৯৬৬ খ্রিষ্টাব্দের ১৬ই এপ্রিল, শনিবার শ্রীশ্রী মদনমোহনজীর সন্ধ্যারতি চলাকালীন এই জগদ্বরেণ্য মহাপুরুষ মহাসমাধিতে মগ্ন হন। আজ এই পরম পবিত্র শুভ তিথিতে যুগাবতার স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের শ্রীচরণে কোটি কোটি প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি।
মতামত