ময়মনসিংহের গৌরীপুরে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননার অভিযোগে শাওন চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ মে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শাওন চন্দ্র দাস নামের ওই যুবক পবিত্র আল কোরআনের উপর পা রেখে একটি ছবি তুলে তার ব্যক্তিগত ইমু আইডিতে আপলোড করে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এ ঘটনায় উত্তেজিত জনতা গৌরীপুর পৌরসভার বড় মসজিদের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও ক্ষোভ প্রকাশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা।
তার নির্দেশনায় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করে।
পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে ২০ মে খ্রিস্টাব্দে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্ত শাওন চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় প্রশাসন সকলকে শান্ত থাকার এবং গুজব বা উসকানিমূলক প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
মতামত