গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত পিঞ্জুরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব অপারেটর মিঠু মন্ডলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বৈষ্ণব। ২১ মে, বুধবার তিনি তার দলের একটি প্রতিনিধি দল নিয়ে ভুক্তভোগীর বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা জানান।গত ১৩ মে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পরীক্ষার সাজেশন ও বিশ্বকাপ ফুটবল সংক্রান্ত প্রশ্নের উত্তরে মিঠু মন্ডল বলেছিলেন, "এগুলো সৃষ্টিকর্তাও বলতে পারবেন না।" পরিবারের দাবি, ক্লাসে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী উক্ত মন্তব্যটিকে তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে গণ্য করে অভিযোগ তোলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশে মিঠু মন্ডল তাৎক্ষণিকভাবে ক্ষমা প্রার্থনা করলে বিষয়টি তখন মীমাংসিত হয়েছিল।

এ বিষয়ে মৃণাল কান্তি বৈষ্ণব বলেন, “ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া বা জনরোষ সৃষ্টি করে বিচার করার সংস্কৃতি গ্রহণযোগ্য হতে পারে না।”
তিনি আরও বলেন, “আমরা মিঠু মন্ডলের পরিবারের সঙ্গে কথা বলেছি এবং তাদের আশ্বস্ত করেছি যে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। আমরা আশা করি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন এবং যারা পরিস্থিতি অস্থিতিশীল করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লিখন সরকার, শাকিল বিশ্বাস, মানিক হালদার, মানব বাড়ৈ এবং পার্থ মন্ডল। এ সময় প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গেও ঘটনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
মতামত