দিনাজপুরের কাহারোল উপজেলায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় হরিমন্দির প্রাঙ্গণে প্রার্থনা সভার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হরিমন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে হরিমন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা জন্মাষ্টমী কমিটির আহ্বায়ক নির্মল কুমার রায়ের সভাপতিত্বে এবং উপজেলা রথযাত্রা মহোৎসব কমিটির সভাপতি ও সাংবাদিক জয়ন্ত চন্দ্র দেবশর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামীম আলী ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাদেকুল ইসলাম সাদেক।
অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্যামল চন্দ্র বর্মন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব নিরোদ রায়, পূজা উদযাপন পরিষদের সাংবাদিক সুকুমার রায়সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ধর্মীয় আলোচনায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, ন্যায়, সত্য ও মানবকল্যাণের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপনের কর্মসূচি সমাপ্ত হয়।
মতামত