চট্টগ্রামের কৃতি সন্তান অনিক সরকার আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের মেধা ও সক্ষমতার এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছেন। ছোটবেলা থেকেই গণিতের প্রতি অগাধ ভালোবাসা আর কঠোর পরিশ্রমকে সম্বল করে তিনি দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিজের অবস্থান সুদৃঢ় করেন। ২০১৪ সালের বুয়েট ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করে তিনি নিজের অসাধারণ বুদ্ধিমত্তা ও যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক ও চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করা এই মেধাবী শিক্ষার্থী শুরু থেকেই ধাপে ধাপে তাঁর স্বপ্নের ভিত্তি গড়ে তোলেন।
বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে ভর্তি হওয়ার পর অনিকের পথচলা আরও বিস্তৃত হয়। প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি তিনি নিজেকে যুক্ত করেন আন্তর্জাতিক মানের প্রোগ্রামিং প্রতিযোগিতায়। ২০১৮ সালের সম্মানজনক গুগল কোড জ্যামে বিশ্বজুড়ে হাজারো প্রতিযোগীর মধ্যে তিনি ৮৩০তম অবস্থান অর্জন করেন। পরবর্তী বছর আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (ICPC) ঢাকা আঞ্চলিক পর্বে তাঁর দল 'বুয়েট গিফটেড হাইপোক্রিটস' রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। কেবল প্রতিযোগিতাতেই নয়, প্রাতিষ্ঠানিক গবেষণা, ডেটা স্ট্রাকচার, গ্রাফ থিওরি ও অ্যালগরিদমের মতো জটিল বিষয়ে তাঁর মেধার স্বাক্ষর রাখেন তিনি। (News copied from- 'হিন্দুস নিউজ') স্নাতক পর্ব শেষ করার পর বুয়েটেই উচ্চতর গবেষণা ও শিক্ষার সঙ্গে যুক্ত থেকে তিনি নিজের দক্ষতার ধার বাড়িয়ে নেন।
অনিকের এই ধারাবাহিক সাফল্য একসময় তাঁর জন্য উন্মুক্ত করে দেয় বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের দরজা। ২০২০ সালে তিনি আয়ারল্যান্ডের ডাবলিনে অবস্থিত গুগলের কার্যালয়ে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে যোগদান করেন। শুরুতে গুগলের ক্লাউডভিত্তিক বিশ্বস্ত ডাটা সংরক্ষণ ব্যবস্থা নিয়ে কাজ করলেও সময়ের সাথে সাথে তাঁর দায়িত্ব ও দক্ষতার পরিধি আরও বাড়ে। বর্তমানে তিনি সেখানে সফটওয়্যার প্রকৌশলী ও প্রযুক্তিগত নেতৃত্বের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করছেন। চট্টগ্রাম থেকে বুয়েট এবং বুয়েট থেকে গুগলের বিশ্বমানের প্রযুক্তি সাম্রাজ্যে অনিক সরকারের এই গৌরবময় যাত্রা প্রমাণ করে যে, নিষ্ঠা ও সততা থাকলে একটি সাধারণ শ্রেণিকক্ষ থেকেও বৈশ্বিক পরিমণ্ডলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। সনাতন সম্প্রদায়ের এই অদম্য মেধাবীর পথচলা আজ দেশের হাজারো তরুণদের জন্য অনুপ্রেরণার এক অনন্য উৎস।
মতামত