বৈঠকে অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। মন্ত্রী জানান, জনস্বার্থ ও ধর্মীয় সংহতির কথা বিবেচনা করে অধিকাংশ অধ্যাদেশ যেভাবে আছে সেভাবেই পাস করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। তবে কিছু কিছু অধ্যাদেশ সংশোধিত আকারে বিল হিসেবে উপস্থাপিত হবে। সময় স্বল্পতার কারণে আগামী ১০ তারিখের মধ্যে সব বিল আনা সম্ভব না হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরবর্তী অধিবেশনে তোলা হবে। বিশেষ করে সীমানা নির্ধারণ বা আরপিও’র মতো বিষয়গুলো, যেগুলোর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে, সেগুলোকে স্থায়ী আইনে রূপান্তর করা হবে।
কমিটির বৈঠকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ ও বিরোধী দলীয় সদস্যদের ভূমিকার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা বজায় রেখে কয়েকজন সদস্য কিছু কিছু অধ্যাদেশের বিষয়ে তাদের ‘নোট অফ ডিসেন্ট’ বা ভিন্নমত দিয়েছেন। চূড়ান্ত রিপোর্টে তাদের এই অবস্থান যথাযথভাবে তুলে ধরা হবে। সংসদীয় রীতি অনুযায়ী বিল উত্থাপনের সময় প্রতিটি স্তরে সদস্যরা বিস্তারিত আলোচনার সুযোগ পাবেন। মানবাধিকার কমিশন ও পুলিশ অধ্যাদেশ নিয়ে আইন মন্ত্রণালয় বিস্তারিত জানাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী ২ এপ্রিল বিশেষ কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট সংসদে পেশ করা হবে। দেশের স্থিতিশীলতা ও আইনি কাঠামো সুসংহত করতেই সরকার প্রতিটি পদক্ষেপ সতর্কতার সাথে বিবেচনা করছে।
মতামত