চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার ৩০ সেপ্টেম্বর বিকেলে উপজেলা সদরের ইছাখালী এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী রূপন চক্রবর্তী। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী অজয় চক্রবর্তীর সভাপতিত্বে এবং সদস্য সচিব শ্রী লিটন দে’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গুনিয়া রাসবিহার ধামের প্রাক্তন সভাপতি শ্রী স্বপন সেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, পূজামণ্ডপগুলোর সার্বিক কার্যক্রম, সাংগঠনিক বিষয় ও উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, অতীতে রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের দুটি কমিটিকে কেন্দ্র করে যে দ্বন্দ্ব ও মতপার্থক্য সৃষ্টি হয়েছিল, তা রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর মধ্যস্থতায় নিরসন হয়েছে। বর্তমানে বিভেদ ভুলে একটি কমিটির অধীনে ঐক্যবদ্ধভাবে দুর্গোৎসব উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে এবারের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে। এ জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এছাড়া আসন্ন দুর্গাপূজায় ভোগ্যপণ্যের বরাদ্দ বৃদ্ধি এবং পূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক শ্রী নিক্সন সাহা, রনি দাস, সুব্রত চৌধুরী, সুধীর দাস, দিলীপ দাস, স্বপন মহাজন, ডা. নিপুন পাল, সুফল বসাক, জয় চক্রবর্তী ও বিকাশ সরকার।
এ সময় সদস্য শ্রী বাবলু দে, রাজিব দে, সাজু দাস ও উজ্জ্বল দেসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন দুর্গোৎসব ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মতামত দেন। সকলের সম্মিলিত সহযোগিতায় রাঙ্গুনিয়ায় এবারের শারদীয় দুর্গোৎসব সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মতামত