শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) খন্দকার ফারজানা নাজনীন সেতু, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন, রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেফায়েত হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজয় কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন দেসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা সেকান্দর হোসেন, এস এম লোকমান, গাজী মো. জসিম, জামাল উদ্দিন, মো. মহসিন প্রমুখ।
সভায় রাঙ্গুনিয়া উপজেলার ১৯৭টি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি এবং সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
পাশাপাশি পূজাকে কেন্দ্র করে মাদক নিয়ন্ত্রণ, কিশোরদের বেপরোয়া আচরণ, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে যাচাই ছাড়া তা প্রচার না করার জন্যও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘ্নে পূজায় অংশগ্রহণের পরিবেশ তৈরিতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
সভায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মতামত