সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক চেতনায় এক নতুন ও পবিত্র অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে কক্সবাজারের সৈকত পাড়া, কলাতলীতে। শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের মানসপুত্র, ঋষিধামের রূপকার এবং পরম পূজ্যপাদ গুরুদেব শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের অমোঘ অনুপ্রেরণায় নবনির্মিত ‘স্বামী অদ্বৈতানন্দ ও স্বামী সুদর্শনানন্দ স্মৃতি মন্দির’ এবং ‘স্বামী সুদর্শনানন্দ নীড়’-এর শুভ নবগৃহ প্রবেশ উপলক্ষে আগামী ১৯ ও ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা) দুদিনব্যাপী বর্ণাঢ্য ও পবিত্র অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
সনাতনী সমাজ ও সংস্কৃতির অধিকার রক্ষা এবং আধ্যাত্মিক চেতনা প্রসারের লক্ষ্যে এই মহোৎসবের আয়োজন করেছে নবনির্মিত স্বামী অদ্বৈতানন্দ ও স্বামী সুদর্শনানন্দ স্মৃতি মন্দিরের ভক্তবৃন্দ এবং স্থানীয় ভক্তপ্রাণ সমাজ। অনুষ্ঠানে পরম আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন লোহাগাড়ার অদ্বৈতভবনের অধ্যক্ষ শ্রীমৎ নিরাঞ্জনানন্দ পুরী মহারাজ। এছাড়া পূরোহিত্যের দায়িত্বে থাকবেন ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আকাঙ্ক্ষিত মহারাজবৃন্দ হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঋষিধাম বাঁশখালীর জ্যেষ্ঠ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী কৃপানন্দ পুরী মহারাজ, আমেরিকার ক্যালিফোর্নিয়া অবস্থিত স্বামী অদ্বৈতানন্দ মিশনের অধ্যক্ষ এবং বিশ্ব পরিব্রাজক আমেরিকান সিটিজেন শ্রীমৎ স্বামী শুভানন্দ পুরী মহারাজ, পুখুরিয়া বাঁশখালীর স্বামী অদ্বৈতানন্দ যোগাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজ, ঋষিধাম বাঁশখালীর শ্রীমৎ স্বামী নিত্যানন্দ পুরী মহারাজ এবং চন্দনাইশের শ্রীশ্রী জয়বাবা লোকনাথ অদ্বৈতানন্দ সেবাাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী হরি কৃপানন্দ মহারাজ। এছাড়াও অনুষ্ঠানে ঋষি অদ্বৈতানন্দ পরিষদ-বাংলাদেশ-এর জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উৎসর্গলিপিতে স্মরণ করা হয়েছে যে, জীবনে পাওয়ার আনন্দ ক্ষণস্থায়ী হলেও পরমাত্মার সান্নিধ্য লাভের আশায় নিজেকে বিলিয়ে দেওয়ার মহিমা চিরন্তন। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ও পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ সাধনার সর্বোচ্চ শিখরে পৌঁছে ভক্তদের যেভাবে অনুপ্রাণিত করেছেন, তাদের সেই পবিত্র স্মৃতি রক্ষার্থে এবং স্বর্গীয় পিতৃদেব ননী গোপাল দে-র স্মৃতি স্মরণে এই মহতী আয়োজন।
অনুষ্ঠানমালার প্রথম দিন অর্থাৎ ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, শ্রীগুরু পূজা, ভোগরাগ ও সন্ধ্যায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে। দ্বিতীয় দিন ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, উষালগ্নে মধুসূদন স্তুতি এবং সকাল ৮:০০টা থেকে শ্রীগুরু পূজা, শুভ বাস্তুপুরুষ যোগিনীমন্ডলে, গণেশাদি নানা দেবতা সহিত গৌৰ্য্যাদি ষোড়শমাতৃকা ও বসুধারা (চেদিরাজ বসু) পূজাকর্ম, অভ্যুদয়িক নন্দিমুখ, পূর্ব পুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ, পিণ্ডদান, শ্রীশ্রীশতর্কী মার্কণ্ডেয় শ্রীশ্রীচণ্ডীপাঠ, দ্বারপূজা, শ্রীশ্রী মধুসূদন নাম, বাস্তুশান্তি হোম যজ্ঞাদি এবং শ্রীশ্রী গুরু মহারাজের ভোগ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা সম্পন্ন হবে।
News copied from- 'হিন্দুস নিউজ'
উক্ত পবিত্র অনুষ্ঠানমালায় দেশ-বিদেশ থেকে আগত সকল ভক্তবৃন্দ ও সনাতনী সমাজকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বিনীত নিবেদন জানিয়েছেন ঋষিধামের সন্ন্যাসী, আমেরিকান সিটিজেন ও বিশ্ব পরিব্রাজক স্বামী শুভানন্দ পুরী মহারাজ। আয়োজকদের পক্ষ থেকেও উক্ত অনুষ্ঠানমালার প্রতিটি পর্বে সনাতনী ধর্মপ্রাণ ভাই-বোনদের উপস্থিতি একান্তভাবে কামনা করা হয়েছে।
মতামত