পার্বত্য জেলা বান্দরবানের সাঙ্গু নদীর তীরে আগামী ১৬ মার্চ থেকে অত্যন্ত ভক্তি ও উৎসাহের সাথে শুরু হতে যাচ্ছে ১৩তম বর্ষের ‘শ্রী শ্রী গঙ্গা পূজা ও বারুণী স্নান’ উৎসব। স্থানীয় ‘আশীর্বাদ সংঘ’-এর উদ্যোগে চৌধুরী মার্কেট সংলগ্ন সাঙ্গু নদীর চরে তিন দিনব্যাপী এই মাঙ্গলিক অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আধ্যাত্মিক সুরের মূর্ছনা ছড়ানো জনপ্রিয় ‘সনাতনী ব্যান্ড প্রণাম’-এর বিশেষ পরিবেশনা।
উৎসবের প্রথম দিন ১৬ মার্চ (সোমবার) সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। ঐদিন সন্ধ্যায় গঙ্গা মায়ের বোধন, মহানামযজ্ঞের শুভ অধিবাস এবং রাতে আনন্দবাজারে মহাপ্রসাদ আস্বাদনের আয়োজন রয়েছে। উৎসবের প্রধান আকর্ষণ দ্বিতীয় দিন ১৭ মার্চ (মঙ্গলবার) সূর্যোদয় হতে সকাল ৮:৩৭ মিনিটের মধ্যে পবিত্র বারুণী স্নান সম্পন্ন হবে। এদিন সন্ধ্যায় গঙ্গা আরতি ও হাজার প্রদীপ নিবেদনের মাধ্যমে এক অপার্থিব পরিবেশ সৃষ্টি করা হবে। ঠিক এরপরই রাত ৮:৩০ মিনিটে মঞ্চ মাতাবে ‘সনাতনী ব্যান্ড প্রণাম’ ও স্থানীয় শিল্পীবৃন্দ।

তিন দিনব্যাপী এই আয়োজনে মহানামযজ্ঞ পরিবেশন করবেন চট্টগ্রামের শ্রী ব্রহ্ম-মাধব গৌড়ীয় সম্প্রদায় ও রাম গোবিন্দ সম্প্রদায় এবং খুলনার প্রভু দয়াল কৃষ্ণ সম্প্রদায়। ১৮ মার্চ (বুধবার) সকালে পুষ্পাঞ্জলি ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই আধ্যাত্মিক মিলনমেলার সমাপ্তি ঘটবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্ত ও পুণ্যার্থীকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে গঙ্গা মায়ের আশীর্বাদ গ্রহণের জন্য সপরিবারে আমন্ত্রণ জানিয়েছে আয়োজনকারী সংগঠন ‘আশীর্বাদ সংঘ’।
মতামত