দীর্ঘ ৩৬ বছর পর জম্মু-কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরার প্রক্রিয়া নতুন করে আশার আলো দেখাচ্ছে।
উপত্যকায় একসময় ভয়, সন্ত্রাস ও জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হওয়া কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের জন্য এবার একাধিক ইতিবাচক উদ্যোগ হাতে নিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। একদিকে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বহু প্রাচীন মন্দির সংস্কার করে পুনরায় খুলে দেওয়া হচ্ছে, অন্যদিকে ১৯৯০ সালে দখল হয়ে যাওয়া কাশ্মীরি পণ্ডিতদের বিপুল পরিমাণ জমি পুনরুদ্ধারের কাজও জোরদার করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, জম্মু-কাশ্মীর প্রশাসনের ধারাবাহিক ও নিরলস প্রচেষ্টায় এখন পর্যন্ত কাশ্মীর উপত্যকার ১০টি জেলায় কাশ্মীরি অভিবাসীদের মোট ৩,৭২৯ কানাল এবং ৪ মারলা জমি, অর্থাৎ প্রায় ১৮৮.৭৫ হেক্টর ভূমি সফলভাবে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ১৯৯০ সালের অস্থিরতার সময় যেসব জমি দখল, বেদখল বা জোরপূর্বক দখলমুক্তির বাইরে চলে গিয়েছিল, সেগুলো পুনরুদ্ধারে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের প্রতিনিধিরা জানিয়েছেন, এটি কেবল জমি ফেরত দেওয়ার প্রশাসনিক সিদ্ধান্ত বহু বছরের বেদনা, উৎখাতের ইতিহাস এবং হারিয়ে যাওয়া পরিচয় পুনরুদ্ধারের একটি প্রতীকী ও বাস্তবধর্মী সূচনা। তাদের মতে, কাশ্মীরি পণ্ডিতদের দখল হয়ে যাওয়া জমি, বসতভিটা, মন্দির-সংলগ্ন সম্পত্তি এবং দেবোত্তর সম্পদের পরিমাণ হাজার হাজার কানাল। ফলে বর্তমান উদ্যোগকে তারা স্বাগত জানালেও, এটিকে বৃহত্তর পুনর্বাসন প্রক্রিয়ার কেবল প্রথম ধাপ হিসেবেই দেখছেন।
উল্লেখ্য, ১৯৯০ সালের ভয়াবহ অস্থিরতা ও লক্ষ্যভিত্তিক সহিংসতার জেরে বিপুল সংখ্যক কাশ্মীরি পণ্ডিতকে উপত্যকা ছেড়ে পালাতে বাধ্য হতে হয়। সেই সময় তাদের ঘরবাড়ি, জমিজমা, মন্দির এবং ধর্মীয় সম্পত্তির বড় অংশ হয় দখল হয়ে যায়, নয়তো ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পড়ে থাকে। বহু পরিবার আজও তাদের পূর্বপুরুষের ভিটেমাটি থেকে বিচ্ছিন্ন জীবন কাটাচ্ছে। এই প্রেক্ষাপটে প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপকে কাশ্মীরি পণ্ডিতদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনের সম্ভাব্য ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শুধু জমি পুনরুদ্ধার নয়, উপত্যকার বিভিন্ন স্থানে অবহেলিত ও ক্ষতিগ্রস্ত হিন্দু মন্দিরগুলোও চিহ্নিত করে সংস্কার ও পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এসব মন্দির নতুন করে ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পুনর্জীবিত হতে শুরু করেছে। কাশ্মীরি পণ্ডিতদের মতে, মন্দির পুনরুদ্ধার তাদের অস্তিত্ব, ঐতিহ্য এবং ঐতিহাসিক উপস্থিতির পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে গভীরভাবে জড়িত।
বিশ্লেষকদের মতে, জমি ও মন্দির সম্পত্তি পুনরুদ্ধার, প্রশাসনিক সুরক্ষা, পুনর্বাসন অবকাঠামো এবং সামাজিক নিরাপত্তা—এই চারটি বিষয় নিশ্চিত করা গেলে কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরার বাস্তব প্রক্রিয়া আরও গতিশীল হতে পারে। তবে এখনো বহু দখলকৃত সম্পত্তি, আইনি জটিলতা এবং নিরাপত্তা-সংশ্লিষ্ট চ্যালেঞ্জ রয়ে গেছে, যা দ্রুত সমাধান করা জরুরি।
দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হওয়া এই পুনরুদ্ধার কার্যক্রম কাশ্মীরি পণ্ডিতদের কাছে ন্যায়বিচারের পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ। ৩৬ বছর পর তাদের হারিয়ে যাওয়া ঘর, জমি, মন্দির এবং স্মৃতির সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের যে দরজা খুলছে, তা নিঃসন্দেহে ভারতীয় উপমহাদেশের সাম্প্রতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
মতামত