মুর্শিদাবাদের সামশেরগঞ্জের জাফরাবাদে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর মহকুমা আদালত। সোমবার বিচারক অমিতাভ মুখোপাধ্যায় এই রায় ঘোষণা করেন। মঙ্গলবার তাদের শাস্তি ঘোষণা করা হবে।
আদালত জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ধারা 103(2), 310(2), 331(5), 191(3), 115(2), 126(2), 332(a), এবং 3(5) অনুযায়ী এই ১৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
ঘটনা সূত্রপাত করে গত বছরের এপ্রিল মাসে, যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মুর্শিদাবাদ, মালদহ ও সুন্দরবন এলাকা সহ বিভিন্ন জায়গায় অশান্তির ছবি প্রকাশ পায়। সেই প্রেক্ষাপটেই ১২ এপ্রিল জাফরাবাদের স্থানীয় বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাস প্রাণ হারান।
পুলিশের অভিযোগ অনুযায়ী, বাবা-ছেলেকে তাদের বাড়ি থেকে বের করে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। তদন্তে উঠে আসে, ওই বিক্ষোভের সঙ্গে বাবা-ছেলের কোনো সম্পর্ক ছিল না। তবুও উত্তেজিত পরিস্থিতির সুযোগ নিয়ে তাঁদের উপর হামলা চালানো হয়। এই হত্যাকাণ্ড এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করে এবং রাজনৈতিক মহলেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
মামলার চার্জশিটে পুলিশ উল্লেখ করেছে, এপ্রিল মাসে মুর্শিদাবাদে অশান্তির সময় হরগোবিন্দ দাস ও তাঁর ছেলেকে পরিবারের সদস্যদের সামনে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ জঙ্গিপুর আদালতে ৯০০ পৃষ্ঠার চার্জশিট দাখিল করে, যেখানে হত্যাকাণ্ড এবং এলাকায় ভয়ানক সহিংসতা সৃষ্টি করা ১৩ জন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর জেলা পুলিশের তরফে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়। তদন্তে অভিযুক্তদের একে একে গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘ শুনানির পর গত ১৬ ডিসেম্বর মামলার শুনানি শেষ হয়।
সোমবার রায় ঘোষণার সময় আদালত স্পষ্ট জানায়, বাবা-ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। সেই ভিত্তিতে ১৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামীকাল তাদের শাস্তি ঘোষণা করা হবে।
মতামত