ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি মন্দিরের নির্মাণাধীন সভা-মণ্ডপে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও প্রায় ২০ জন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার (২০ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে মন্দিরের সভা-মণ্ডপের ভিত্তি হঠাৎ করে ধসে পড়ে। নির্মাণকাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় এক পুলিশ কর্মকর্তা।
দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনের একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা এখনো চলমান রয়েছে।
আহতদের উদ্ধার করে পারভানি জেলা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলটি ছত্রপতি সম্ভাজিনগর থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত হতাহতের সংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
মতামত